জলাবদ্ধতা নিরসনের দাবিতে ২য় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার: টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ২য় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
সোমবার জামালপুর জেলা বাস টার্মিনাল ও বিসিক কার্যালয়ের সামনে বেলা ১২টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়।
এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা।
এসময় ভুক্তভোগীরা জানান- টানা ১৯ বছরের জলাবদ্ধতায় দড়িপাড়া, দাপুনিয়াসহ ৫টি এলাকার বাসিন্দাদের শতশত একর ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষয়টি প্রশাসনকে বার বার জানিয়েও কোনো সমাধান পাননি তারা। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবিতে তারা এই অবরোধ করেন।
এর আগে একই দাবিতে রোববারও মহাসড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। তখন প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও দৃশ্যমান কোনো কাজ শুরু না হওয়ায় আবারও আন্দোলনে নামেন তারা।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়। পরে দুপুর ১টা ২০ মিনিটের জামালপুর শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ মাসুদ ও জেলার মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এসময় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি করে বেশ কয়েকজন।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন- “আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলি। পরে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন-‘ঘটনার শোনার পরপরই সেখানে পুলিশ যায়। পরে কয়েকজনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।’
সাইমুম সাব্বির শোভন,
জামালপুর।
২৫.০৫.২০২৬




