বেপরোয়া ট্রাকের চাপায় ২ পথচারী নিহত
স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার দিগপাইতে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছে।
মো. ননি ড্রাইভার (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মো. হাফিজ (৫৫) নামে আরও একজন মারা যান।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ননি ড্রাইভার দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার মো. মজিদ ড্রাইভারের ছেলে এবং মো. হাফিজ সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান- সকালে ননি ও হাফিজ কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী ‘ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০’ নম্বরের একটি ট্রাক তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ননি ড্রাইভারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হাফিজ।
এসব বিষয়ে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন- “ ঘটনাস্থলেই একজন মারা যান এবং ময়মনসিংহে চিকিৎসাধীন অব্স্থায় একজন মারা যান। এই ঘটনায় ট্রাকটি আটক আছে। আর চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ”




