তীব্র গরমে খড়ের কাজ করার সময় বৃদ্ধার মৃত্যু
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। বালি বেগম ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
বালি বেগমের স্বজনেরা জানান- বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ তিন্নী বলেন- “হাসপাতালে আনার আগেই বালি বেগমের মৃত্যু হয়েছে।”
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন- “হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই তীব্র গরমে সবাইকে সচেতন থাকতে হবে এবং হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।”




