বিদ্যালয়ের জায়গা থেকে মাটি কাটার অভিযোগ
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জবেদ আলী নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় ভবনের পেছনের সীমানা প্রাচীর ঘেঁষে এই মাটি কাটার ঘটনা ঘটে। এতে বিদ্যালয়টির সীমানা প্রাচীর ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জবেদ আলী দীর্ঘদিন ধরে সুযোগ বুঝে বিদ্যালয়ের জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছেন। এতে বাধা দিলে তিনি শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর চড়াও হন এবং দুর্ব্যবহার করেন। গত বছর এ নিয়ে থানায় অভিযোগ দিলে স্থানীয় সামাজিক মীমাংসার মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে তিনি আদালতে মামলা করেন এবং বর্তমানে বিদ্যালয় ছুটির পর বা সকালে ফাঁকা সময়ে মাটি ও বাঁশ কেটে নিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আক্কাস আলী জানান, প্রতিষ্ঠানে মাটি কাটতে বাধা দিলে জবেদ আলী শিক্ষার্থীদের সাথেও দুর্ব্যবহার করেন, যা শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিদ্যালয়রটির প্রধান শিক্ষক শাহ মো. আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন- “জবেদ আলী আইন ও সামাজিক সিদ্ধান্ত কোনোটারই তোয়াক্কা করছেন না। বিদ্যালয় ছুটির পর অথবা সকালের দিকে বিদ্যালয় খোলার আগে ফাঁকা সময়ে তিনি বাউন্ডারি অতিক্রম করে বিদ্যালয়ের জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। শুধু মাটিই নয়, বিভিন্ন সময় বিদ্যালয়ের সামাজিক বনায়নের বাঁশও কেটে নেওয়ার নজির রয়েছে তাঁর।”
তবে সব অভিযোগ অস্বীকার করে জবেদ আলী দাবি করেন, প্রাচীরের ভিতরের কিছু অংশ তাঁদের পৈতৃক সম্পত্তি। তাঁরা নিজেদের জায়গা থেকেই মাটি কাটছেন এবং জমি ফিরে পেতেই আদালতে মামলা করেছেন।
এ অবস্থায় সীমানা প্রাচীর রক্ষা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় থানা পুলিশের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।




