জামালপুরপ্রধান খবররৌমারী-চর রাজিবপুর

জামালপুর-কুড়িগ্রাম সীমান্তের ৮ স্থানে পুশইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি ও স্থানীয়রা

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম): জামালপুর-কুড়িগ্রাম সীমান্তের আটটি পৃথক পয়েন্ট দিয়ে এক রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের কঠোর অবস্থান ও নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি ।

এর আগে সোমবার গভীর রাতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাত সাড়ে ১২টার দিকে দাঁতভাঙা বিওপির আওতাধীন ১০৫৪ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের দীপচর এলাকায় ৮ থেকে ১০ জনকে পুশইনের চেষ্টা করা হয়। একই সময়ে মোল্লারচর সীমান্তের ১০৬২ নম্বর পিলারের পাশের ভারতের কুচুনিমারা এলাকা দিয়ে আরও ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। এছাড়া ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে ভারতের মানকারচর এলাকায় ১২ থেকে ১৩ জন, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে ভারতের সদরটিলা এলাকায় ২৫ থেকে ৩০ জন, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে ভারতের লুকায়েরচর এলাকায় ১৮ থেকে ২০ জন, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে ভারতের বালুরঘাট এলাকায় ৭ থেকে ৮ জন, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে ভারতের দুর্গাপাড়া এলাকায় ৮ থেকে ১০ জন এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে ভারতের বিলডুবা এলাকায় ৭ থেকে ৮ জনকে পুশইনের চেষ্টা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- রাতে এসব পয়েন্টে ট্রাক দিয়ে লোক এনে ভারত লাইট অফ করে দিলে সন্দেহ হয় তাদের। পরে তারা কঠোর অবস্থানি নিলে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও টহল জোরদার থাকায় বিএসএফের এসব প্রচেষ্টা সফল হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে। এছাড়াও পালাক্রমে সীমান্ত পাহারা দিচ্ছে স্থানীয়রা।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন- ‘সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।’

Related Articles

Back to top button