জামালপুর

গৃহভিত্তিক কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও নতুন প্ল্যাটফর্ম গঠন

স্টাফ রিপোর্টার: দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে গৃহভিত্তিক কর্মী ও নেতৃবৃন্দের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

প্রধান অতিথির বক্তব্যে নাজনীন আখতার বলেন- গৃহভিত্তিক কর্মীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে অনানুষ্ঠানিক অথচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের দক্ষতা ও কাজের কৌশলগত উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের অগ্রগতি আরও বেগবান হবে। প্রথাগত নকশি কাঁথা, সেলাই, বাঁশ ও বেতের কাজ, হাঁস মুরগি পালন এবং সবজি চাষের পাশাপাশি কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণসহ নতুন নতুন কাজে উদ্যোগী হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

গত ১৬ ও ১৭ আগস্ট উন্নয়ন সংঘের আয়োজনে এবং হোম নেট সাউথ এশিয়া ও এলআইই বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৩০ জন গৃহভিত্তিক কর্মী ও নেতা অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অ্যাডভোকেসি, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে পণ্যের প্রচার ও বাজারজাতকরণ, ন্যায্য মজুরি প্রাপ্তি, ডিজিটাল নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়।

নিজেদের অধিকার আদায়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে প্রশিক্ষণ শেষে ‘জামালপুর হোম বেজড ওয়ার্কার্স নেটওয়ার্ক’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। এই নেটওয়ার্কের সাত সদস্যবিশিষ্ট কমিটিতে সুবর্ণা চৌধুরী চায়নাকে আহ্বায়ক, প্রিয়াঙ্কা ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং ফেরদৌসী স্নিগ্ধাকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কল্পনা, মিলি আক্তার, জীবন আরা ও জাকির হোসেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা। সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লা, কর্মসূচি পরিচালক মুর্শেদ ইকবাল, প্রকল্প সমন্বয়কারী লিটন সরকার এবং এপি ব্যবস্থাপক মিনারা পারভীন।

Related Articles

Back to top button