দেওয়ানগঞ্জ

মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন, ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে জিহাদ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সাজা দেন।

জিহাদ ইসলামপুর উপজেলার মলমগঞ্জ শেখ পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মা, স্ত্রী সহ দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকায় নানা বাড়িতে থাকতেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান- পৌর শহরের কালিকাপুর এলাকায় মাদক সেবন করে মা, নানি ও স্ত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন জিহাদ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- মাদক সেবন ও পরিবারের সাথে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন ওই যুবক। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button