চোরাই ৩ মোটর সাইকেলসহ গ্রেপ্তার চোর চক্রের দুই সদস্য কারাগারে
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠায়।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার আদ্রা ইউনিয়নের পশ্চিম থুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা মোটর সাইকেল গুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াডাঙ্গি গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৫) এবং মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে আনারের ছেলে মো. আসাদুল ওরফে আশরাফুল (২২)।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি হিরো আইস্মার্ট, একটি বাজাজ পালসার ও একটি সুজুকি মোটর সাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া মোটর সাইকেল গুলোর মধ্যে একটি মোটরসাইকেলের প্রকৃত মালিককে শনাক্ত করা হয়েছে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানায় ৩৭৯/৪১১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে- গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে আরও চোরাই মোটর সাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




