বিশ্বকাপ ফুটবল উৎসব ও সামাজিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জের জানকিপুর বাঁশকান্দা গ্রামে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল দেখার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি ও সোলার প্যানেল স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ‘বাঁশকান্দা মানবকল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
সাংবাদিক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশকান্দা মানবকল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট।
এতে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহসভাপতি সাইফুল ইসলাম, নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসমত দোহা হিটলার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিনসহ আরো অনেকে। এছাড়া স্থানীয়ভাবে সেলিম, বদরুল ইসলাম অন্তর, রাজন, নয়ন, আসলাম, আকাশ, রবিন ও রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন- যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ট্রাস্টের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
বাঁশকান্দা মানবকল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট জানান- জনস্বার্থে পাঁচটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এবং বিশ্বকাপ দেখার জন্য নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি গ্রাম থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়া হবে।




