বকশীগঞ্জ

সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকিপুর পুরাতন বাশকান্দা গ্রামে সাপের কামড়ে শফিকুল ইসলাম ওরফে চান মিয়া (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত চান মিয়া ওই গ্রামের মৃত ডা. আব্দুল আজিজের ছেলে। তিনি স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করতেন এবং পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

চান মিয়ার স্বজনেরা জানান- শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে আগাছা পরিষ্কার করছিলেন চান মিয়া। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে মৃত্যুর আগে চান মিয়া কামড় দেওয়া সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা ডা. আব্দুল্লাহ আল মুত্তাকী জিবন।

চান মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Back to top button