বকশীগঞ্জ

নিখোঁজের চার দিন পর ঢাকায় মিলল শিশু সাফির সন্ধান

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া শিশু মো. সাফিকে চার দিন পর নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার মুগদার একটি আশ্রয়কেন্দ্রে তার সন্ধান মেলে। পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে সে ট্রেনে চেপে ঢাকায় চলে গিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় সাফি। বাড়ি থেকে বের হয়ে সে দেওয়ানগঞ্জ থেকে ট্রেনে করে ঢাকায় পৌঁছায়। সেখানে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে মুগদার ওই আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়।

এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে তা আশ্রয়কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসে। পরে তারা ভিডিও কলের মাধ্যমে সাফির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার পরিচয় নিশ্চিত করেন।

সাফির সন্ধান পেয়ে তার স্বজনেরা আনন্দে তাৎক্ষণিকভাবে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল সকালে পুলিশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাফির চাচা মাহমুদুল হাসান আকিব জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের কারণেই এত দ্রুত শিশুটির সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। এই উৎকণ্ঠার সময়ে যারা তাদের পরিবারের পাশে থেকে সহযোগিতা করেছেন, তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Back to top button