মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নব-গঠিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনির আহমেদ।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত সোমবার (৬ জুলাই) এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের সময় জাবিপ্রবিতে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি সামনের সারিতে ছিলেন বলে জানা গেছে। সদস্য সচিব মামুনুর রশীদ ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুখ্য সংগঠক মনির আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আংশিক এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান এবং তারিফুল ইসলাম শরীফ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) পদে সজীব ইসলাম ও যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) পদে লিমন ভূঁইয়াকে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।




