প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম এবং দেশের প্রতি তাঁর অসামান্য ত্যাগের কথা স্মরণ করেন। উপাচার্য বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী তাঁর সমগ্র জীবন বাংলাদেশ ও এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে উৎসর্গ করে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর এই আজীবন সংগ্রাম জাতি চিরদিন মনে রাখবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম। মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




