জামালপুর

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মেহেদীজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (১২ জুলাই ২০২৬) বেলা ১১টায় নরুন্দি বাজারে ইউনিয়ন ভূমি অফিসের সামনের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন- মেহেদীজ্জামান এই অফিসে যোগদানের পর থেকেই সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। নামজারি, খাজনা, খারিজ ও দাখিলা সংক্রান্ত কাজে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। সেই টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রেখে সেবা প্রত্যাশীদের অযৌক্তিকভাবে ঘোরানো হয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকৃত মালিককে বাদ দিয়ে অন্যের নামে জমির রেকর্ড ও ভুয়া দাখিলা তৈরির মতো গুরুতর অনিয়মের কথাও তুলে ধরেন তারা।

অংশগ্রহণকারীরা দাবি করেন- দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা মানুষদের নরুন্দি বাজারের নির্ধারিত ‘মাসুদ কম্পিউটার’ থেকে আবেদন করতে বাধ্য করা হয়। অন্য কোনো দোকান থেকে আবেদন করলে তিনি ফাইল আটকে দেন। এছাড়া নারী ও বয়স্কদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আনেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে জানান- ভূমি অফিসে একটি কাজ করতে বারবার আসতে হয়। হয়রানি আর অতিরিক্ত টাকার চাপের কারণে তারা চরম ভোগান্তিতে আছেন। প্রশাসনের কাছে তাদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ জানিয়েছেন- অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং ভূমি অফিসে সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Related Articles

Back to top button