জামালপুর

ভারী বর্ষণে নরুন্দি-পিয়ারপুর সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

জাহাঙ্গীর আলম, জামালপুর: টানা দুই দিনের ভারী বর্ষণে জামালপুর সদর উপজেলার নরুন্দি-পিয়ারপুর সড়কের মিরাপুর এলাকায় একটি অংশ ধসে পড়েছে। এতে নরুন্দি ও পিয়ারপুর অঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে ধসে যাওয়া অংশে ধানবোঝাই একটি ট্রাক আটকা পড়ায় ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে পিয়ারপুর থেকে ধানবোঝাই একটি ট্রাক নরুন্দির উদ্দেশ্যে রওনা দেয়। মিরাপুর গ্রামের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ধসে যাওয়া অংশে আটকা পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, সড়কের নিচে বসানো পানি নিষ্কাশনের পাইপের আশপাশের মাটি টানা বৃষ্টিতে সরে যাওয়ায় রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সড়কটি নদীসংলগ্ন এলাকায় হওয়ায় নিচের মাটি ধসে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের ধারণা।

সড়ক ধসে যাওয়ায় নরুন্দি ও পিয়ারপুর অঞ্চলের শত শত মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও কৃষিপণ্য পরিবহনকারীরা। দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘটনাটি কিছুটা দেরিতে তাদের নজরে এসেছে। তবে প্রকৌশলী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button