শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও তাঁর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা থেকে শহরের ফৌজদারি মোড় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থী নিশান অভিযোগের সুরে জানান- শিক্ষামন্ত্রী কেবল পরীক্ষা সংস্কারের নামে মন্ত্রণালয়ে বসে আছেন। দেশের বড় একটি অংশ যখন বন্যার পানিতে ভাসছে এবং শিক্ষার্থীরা চরম কষ্টের মধ্যে পরীক্ষা দিচ্ছে, তখন শিক্ষামন্ত্রী শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অসংবেদনশীল মন্তব্য করছেন। তাঁর নেওয়া সিদ্ধান্তগুলো কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব নয় বলে নিশান মন্তব্য করেন।
সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী টুম্পা প্রশ্ন তোলেন- এমন বৈরী আবহাওয়ার মধ্যে কেন পরীক্ষা নিতে হবে? শিক্ষামন্ত্রী আগে আশ্বাস দিয়েছিলেন যে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে, কিন্তু তিনি কথা রাখেননি। চরম দুর্ভোগের মধ্য দিয়েই শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




