শহীদদের স্মরণে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। জাতি তাদের অবদান আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে শহীদদের সেই মহান আদর্শ ও চেতনা পৌঁছে দেওয়াকে বর্তমান সময়ের প্রধান দায়িত্ব হিসেবে তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য আক্তার হোসেন এবং এই আন্দোলনে আহত শহিদুল ইসলাম সানি ও মনজুরুল ইসলাম।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল ইসলাম বাবুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।




