বকশীগঞ্জ

ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ওষুধ ভেবে ভুল করে কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

রবিবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

শাহ আলীর স্বজনেরা জানান- শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চোখেও বেশ কম দেখতেন তিনি। তার ঘরে নিয়মিত সেবনের জন্য বিভিন্ন ধরনের ওষুধ রাখা থাকত। রবিবার বিকালে বাড়িতে কেউ ছিলেন না। এ সময় তিনি ওষুধের বোতল ভেবে ভুল করে ঘরে থাকা কীটনাশক পান করে ফেলেন। কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়িতে ফিরে দেখেন তিনি মাটিতে পড়ে আছেন এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া জানান- পরিবারের কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ার কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃদ্ধের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কুশলনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

Related Articles

Back to top button