সহকারী অ্যাটর্নি জেনারেল পদে পুনঃনিয়োগ পেলেন ফারুক হোসেন তপাদার

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ফারুক হোসেন তপাদার পুনরায় সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগসংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতেই এই পুনঃনিয়োগের বিষয়টি জানানো হয়।
এর আগে ২০২৫ সালের ৪ নভেম্বর প্রথমবারের মতো সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফারুক হোসেন তপাদার। রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্টে সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের ধারাবাহিকতায় তাকে পুনরায় এ পদে বহাল রাখা হয়েছে।
ইসলামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ফারুক হোসেন তপাদার ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০১৭ সালে তিনি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি পান। পেশাগত জীবনে সাংবিধানিক, দেওয়ানি, ফৌজদারি, ভূমি, প্রশাসনিক, ব্যাংকিং ও করপোরেট আইন বিষয়ে কাজ করে তিনি আইনজীবী অঙ্গনে বিশেষ স্থান করে নেন। এর পূর্বে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে সরকারপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ক্রীড়া কার্যক্রমে তিনি নিয়মিত ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওয়াকিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন, যার মাধ্যমে নিয়মিত হাঁটার অভ্যাস ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আইন পেশায় দক্ষতা ও সততার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কারণে সহকর্মী ও স্থানীয় মানুষের কাছে তিনি বেশ গ্রহণযোগ্য। সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে তার পুনঃনিয়োগে আইনজীবী মহল, সহকর্মী ও নিজ উপজেলার সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি ভবিষ্যতেও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।




