মতিন রহমান, বকশীগঞ্জ: “মাদকের পক্ষে যে কেউ সুপারিশ করুক না কেন, আমি শুনব না। মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।” মাদক ও অপরাধের বিরুদ্ধে এভাবেই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জে নবনির্মিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এদিন নির্ধারিত সরকারি সফরে বকশীগঞ্জ পৌঁছান প্রতিমন্ত্রী। সফরের শুরুতেই তিনি বকশীগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ডাস্টবিন ও পৌর এলাকায় সড়কবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর নবনির্মিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অডিটোরিয়াম উদ্বোধনের পর সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা শেষে এলাকার অসহায়, দুস্থ ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়ায় প্রশাসন। সরকারি সহায়তার অংশ হিসেবে এসব মানুষের মাঝে ঢেউটিন, গৃহ নির্মাণের চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব নিজ নিজ জায়গা থেকে তাদের মতামত তুলে ধরেন।
সরকারি সহায়তা প্রদান ও আলোচনা পর্ব শেষে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী। তার এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।




