পুলিশের সেবার মান বাড়াতে পিকআপ ভ্যান উপহার
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।
২ জুলাই রোববার বেলা ১১টার দিকে থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে গাড়িটি হস্তান্তর করা হয়।
শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এই যানটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুর জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।
এ সময় বক্তারা উল্লেখ করেন, নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় পুলিশের অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবার সক্ষমতা বহুগুণ বাড়বে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে আগে থেকে থাকা দুটি গাড়ির পাশাপাশি নতুন যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ সেখানে অংশ নেন।
জানা গেছে, সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা প্রয়াত সংসদ সদস্য ডা. সেরাজুল হকের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণে কাজ করে আসছে। থানাকে গাড়ি উপহার দেওয়া তাদের সেই ধারাবাহিক জনকল্যাণমূলক উদ্যোগেরই একটি অংশ।




