কিশোর-কিশোরী ক্লাবের সভা: অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে তাগিদ
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে কিশোর-কিশোরীদের নৈতিক বিকাশ এবং সামাজিক অবক্ষয় রোধে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’ বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান। তরুণ প্রজন্মের সঠিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং ও জেন্ডারভিত্তিক সহিংসতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে মহামারি আকার ধারণ করা অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। জীবনদক্ষতা, নেতৃত্ব বিকাশ এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে কিশোর-কিশোরীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা তুলে ধরেন, কিশোর-কিশোরীদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ক্লাবভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার বিষয়েও তাঁরা মন্তব্য করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রতিটি ক্লাবে নিয়মিত কার্যক্রম পরিচালনা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে তদারকি জোরদার করার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিম আল মোস্তাকুর, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুকতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের এবং যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী। এছাড়া বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব সাদা, রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা আক্তার, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার মাসুদ পারভেজসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




