নতুন নেতৃত্বে শরিফ উদ্দিন বাবু ও ফাহিম বিন সিদ্দিক
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF), শেরপুর জেলার আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে শরিফ উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফাহিম বিন সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
গত ২৪ আগস্ট সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন VDF শেরপুর জেলা নির্বাহী কমিটির নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম।
নতুন কমিটিতে সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) হিসেবে আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) হিসেবে মোঃ শাহরিয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে জান্নাতুন নাহার জুথী এবং কোষাধ্যক্ষ হিসেবে মেহের আফরোজ জুঁই নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শরিফ উদ্দিন বাবু বলেন, আগামী দুই বছর দায়িত্ব পালনের জন্য যারা তাঁর ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান। সবার ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে VDF শেরপুর জেলার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, মানবিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে VDF শেরপুর জেলার কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে।




