সারাদেশ

নিখোঁজের একদিন পর মাছের খামার থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ১

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর কালু মিয়া (২২) নামে এক যুবকের লাশ মাছের খামারের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেমের মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কালু মিয়া কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় তার বন্ধু একই গ্রামের কমল মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (২০) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া বাড়ি থেকে বের হন। পরে বাদশা মিয়া বাড়িতে ফিরলেও কালু মিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয় লোকজন আবুল কাশেমের মাছের খামারের পুকুরে কালু মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কালু মিয়ার বন্ধু বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button