জামালপুরপ্রধান খবর

মেলান্দহে ট্রান্সফরমার চুরির প্রস্তুতি, সরঞ্জামসহ গ্রেপ্তার ২

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ :

জামালপুরের মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহারের সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও টর্চলাইট জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়নের উত্তর মেঘারবাড়ী জামে মসজিদ এলাকার সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী ফকিরপাড়া এলাকার জাহিদুল ইসলাম আল আমিন (২৭) এবং জামালপুর সদর উপজেলার ধোপাকুড়ি এলাকার দেলোয়ার ফারুক (৩৫)।

এ ঘটনায় মেলান্দহ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশের একটি দল রাতে এলাকায় টহল দিচ্ছিল। রাত ৩টার দিকে উত্তর মেঘারবাড়ী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন একটি মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি সবুজ রঙের প্লাস্টিকের পাইপ, যার মাথায় লোহার পেরেক লাগানো ছিল, দুটি লোহার রডের টুকরা, প্লাস, সেলাই রেঞ্চ, ঢাল রেঞ্চ, অতিরিক্ত ব্যাটারিসহ একটি টর্চলাইট এবং একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মোটরসাইকেলটি দেলোয়ার ফারুকের বলে জানান। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে পুলিশকে জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে তাদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘আমি নিজেও রাতে টহলে ছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় আটক দুজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯/৫১১/৩৪ ধারায় মামলা হয়েছে। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

Related Articles

Back to top button