শরৎ আবৃত্তি সন্ধ্যা: ‘প্রতিটি সত্য শব্দই কবিতা’

স্টাফ রিপোর্টার: ‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে অনুষ্ঠিত হলো ‘শরৎ আবৃত্তি সন্ধ্যা’।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর আবৃত্তি সংঘ।
জেলার বিভিন্ন আবৃত্তি সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। শিল্পীদের পরিবেশিত নানা কবিতার মুগ্ধকর আবৃত্তিতে মুখর ছিল শিল্পকলা একাডেমি মিলনায়তন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি ও কবিতাকে বাঁচিয়ে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের মাঝে কবিতা ও আবৃত্তির প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন। দেশজুড়ে এ ধরনের সাংস্কৃতিক চর্চা বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করেন তারা।
কবি মিনহাজ উদ্দিন শপথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই আল হাদী, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, হিশাম আল মহান্নাভ এবং আশরাফুজ্জামান স্বাধীনসহ বিশিষ্টজনেরা।




