এম আর সাইফুল,মাদারগঞ্জ : জামালপুর-৩ আসনে গাছ, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে পেরেক মেরে ফেস্টুন লাগানোর অভিযোগে দুই প্রার্থীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে ৫ হাজার টাকা এবং সূর্যমুখী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
জানা গেছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(গ) ধারা ভঙ্গ করে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ফেস্টুন লাগানোর দায়ে আচরণবিধিমালার ২৭(ক) ধারায় এ জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




