মাদারগঞ্জ

বোরকা পরে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা: সাবেক ছাত্র আটক

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ বোরকা পরে ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক সাবেক ছাত্রকে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের পাটাহদ কয়ড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় থেকে জানা গেছে- সকালে বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং ছাত্রীদের মাঝে বিশৃঙ্খলা করতে দেখে শিক্ষার্থীদের মনে খটকা লাগে। তার চলাফেরা ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন সে একজন কিশোর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- আটক হওয়া কিশোর গত বছর এই বিদ্যালয়েই অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। পরবর্তীতে সে বিদ্যালয় পরিবর্তন করে জুনাইল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কেন সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উৎসুক জনতা ওই কিশোরকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- “ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাজারে ঘোরানোর বিষয়টি আমরা অবগত নই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Articles

Back to top button