নেপালের বিরুদ্ধেও বাংলাদেশের জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর অনেকটা নির্ভার মেজাজেই শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। এই ম্যাচেও নেপালকে সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। জয় পেয়েছে ৪-০ গোলোর ব্যবধানে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নেপালের পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিরুদ্ধে এই ম্যাচের শুরুতেই প্রতিমা মুন্ডার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের ৪ মিনিটে দলের ২য় এবং নিজের গোল খাতা খোলেন আলপি আক্তার।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলপি। ম্যাচের ৮২ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই ফুটবলার।
হ্যাট্রিক করা আলপি আক্তার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টে ৭ গোল করে শীর্ষ গোলদাতার আসনে এখন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি একই মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক সাফে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। যার মধ্যে অনূর্ধ্ব ১৯ দলের রয়েছে দুইবার।



