খেলামাদারগঞ্জ

‘আমরা হাত দিয়ে গোল করে কাপ চাই না’: জামালপুরে ব্রাজিলের মোটরসাইকেল শোভাযাত্রা

এম আর সাইফুল,মাদারগঞ্জ: ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে বালিজুরি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিশাল বহরটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাওয়াই রোড এ গিয়ে শেষ হয়। ব্রাজিল সমর্থক মেহেদী হাসান টুটুলের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা ব্রাজিলের জার্সি পরে এবং হাতে পতাকা নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে মিছিলে যোগ দেন। কয়েকশত মোটরসাইকেলের এই বহর নিয়ে সমর্থকরা নাচ-গান ও উচ্ছ্বাসে মেতে ওঠেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রান্ত অতিক্রম করার সময় সাধারণ মানুষ ও অন্য ব্রাজিল সমর্থকরা তাদের স্বাগত জানান।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা বলেন- ব্রাজিল ফুটবল বিশ্বের ইতিহাসে অন্যতম সমৃদ্ধ দল। তারা ব্রাজিলের ফুটবল সংস্কৃতিকে ভালোবেসে এই আয়োজনে অংশ নিয়েছেন। এবার ব্রাজিল বিশ্বকাপ জয় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ব্রাজিল সমর্থক মেহেদী হাসান টুটুল বলেন- ‘আমরা আশাবাদী এবার সঠিক খেলার মাধ্যমেই ব্রাজিল জয় লাভ করবে। বিশ্বের অন্য কিছু দল আছে যারা হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ নিয়েছে, আমরা সেভাবে বিশ্বকাপ নেওয়ার প্রত্যাশা করি না। আমরা মাঠের পারফরম্যান্স দিয়েই জিততে চাই। আমরা নেইমারের হাত ধরেই এবার বিশ্বকাপ জয় করবো।

আরেক ব্রাজিল সমর্থক রানা মিয়া বলেন- ‘আমাদের মাঝে কোনো বিদ্বেষ বা প্রতিহিংসামূলক আচরণ নেই। যার যার পছন্দ অনুযায়ী বিভিন্ন দল থাকতেই পারে। আমরা চাই সব দলের সমর্থকরা মিলেমিশে একসাথে বিশ্বকাপের এই আনন্দ উপভোগ করি।’

এদিকে বিশ্বকাপকে ঘিরে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ভবন ও সড়কের পাশে বিভিন্ন দেশের পতাকা টানাতে দেখা যায় ফুটবল প্রেমিকদের।

Related Articles

Back to top button