জামালপুর

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৫ সদর উপজেলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে  ৮ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) জামালপুরের সিভিল জজ ও জামালপুর-৫ ( জামালপুর সদর উপজেলা) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য মোঃ ইকবাল মাহমুদ এ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১৪২, জামালপুর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মুহাম্মদ আব্দুস সাত্তার নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওসমূহ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওতে প্রদর্শিত মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৯(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ প্রেক্ষিতে উল্লিখিত অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে বিষয়ে আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১২টায় জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অর্থঋণ আদালত, জামালপুর-এর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন-নোটিশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই আদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles

Back to top button