৬৩টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিম শিশুদের মাঝে সৌদি আরবের রাজকীয় খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলার মোট ৬৩টি মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় এই বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বকশীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই।
বিতরণের সময় তিনি বলেন- “সরকারি এই বিশেষ বরাদ্দটি উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিশেষ করে এতিম শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে সহায়ক হবে। উপজেলা প্রশাসন সর্বদা স্বচ্ছতার সঙ্গে এসব সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন জানান-উপজেলার প্রতিটি ইউনিয়নের তালিকাভুক্ত মাদ্রাসা ও এতিমখানাগুলোকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের কাছে দ্রুততম সময়ে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা সরকারের এই উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের দ্রুত বাস্তবায়নের ভূয়সী প্রশংসা করেন।




