অনূর্ধ ১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
শফিকুল ইসলাম, জামালপুর: জামালপুরে অনূর্ধ ১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বক্তব্য রাখেন।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন-“জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্ট জামালপুরের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের জন্য গর্বের। মহিলা ক্রিকেট এই টুর্নামেন্টের মাধ্যমে আরও এগিয়ে যাবে। অনেক নারী ক্রিকেটার তৈরি হবে। বর্তমান সরকার খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে। তৃণমূলকে সমৃদ্ধ করে আগামী দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গণ আরও অনেক দূর এগিয়ে যাবে।”
পরে তিনি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।
আগামীকাল ২১ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ১ মে। টুর্নামেন্টে সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন ও সাউথ জোন মহিলা ক্রিটেক দল অংশ নিবে। টুর্নামেন্টে মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে।




