বকশীগঞ্জ

জাতীয় আইনগত সহায়তা দিবস 

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’।

মঙ্গলবার বিকেলে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বিকেলে বকশীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা সোহেল এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন- দেশের সাধারণ ও অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে। অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটিই এই দিবসের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রমের প্রচার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় জানানো হয়- অসহায় ও দুস্থ বিচার প্রার্থীদের জন্য সরকারি খরচে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুযোগ রয়েছে। বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত সুফল পাচ্ছে।

আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর ২৮ এপ্রিল সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।

Related Articles

Back to top button