রাস্তার পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: জামালপুর শহরের বোষপাড়াতে রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কে বা কারা নবজাতকের মরদেহ রাস্তার পাশের জঙ্গলে ঘেরা একটি ডোবায় ফেলে চলে যান। পরে শিয়াল বা কুকুর মরদেহটি ডোবা থেকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে বলে ধারণা করছেন স্থানীয়রা। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন- আমরা বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ দেখি কারেন্টের খুঁটির পাশে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানাই। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান- বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহটি উদ্ধার করা হয়েছে। আমরা এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবো।




