বকশীগঞ্জ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ ডাকার প্রতিবাদে মানববন্ধন

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দালাল বলে সম্বোধন ও লাঞ্ছিত করার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রায় ৫০-৬০ জন প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন- গত ৫ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন পেশাদার মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে অত্যন্ত অবমাননাকরভাবে দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং সারা দেশে কর্মরত প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবীর মর্যাদায় আঘাত।

ফারিয়া বকশীগঞ্জ শাখার সভাপতি আব্দুল মালেক বলেন- আমরা চিকিৎসকদের ওষুধ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য ও নতুন ওষুধের কার্যকারিতা জানিয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। অথচ কর্মক্ষেত্রে আমাদের প্রায়ই মানসিক নিগ্রহ ও অবমূল্যায়নের শিকার হতে হচ্ছে। অবিলম্বে আমাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের যে সামাজিক অমর্যাদার শিকার হতে হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দাবিতে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান কর‌বেন।

দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Related Articles

Back to top button