বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রি- নারীকে জরিমানা
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত রেখে চড়া মূল্যে বিক্রি করার দায়ে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার তিনানী পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার ওই এলাকার আইয়ুব মন্ডলের স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে- তিনানী পাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশেই নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে আসছিলেন রোজিনা আক্তার। তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সাধারণ মানুষের কাছে এই জ্বালানি তেল বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে যৌথ অভিযান চালান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান- লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ মজুত করা ও অধিক মূল্যে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে থানা পুলিশের একটি দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




