মেলান্দহ

ব্রিজের পাশ থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার: ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আধুনিক প্রযুক্তি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজ ব্যবহার করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি উপজেলার চরপলিশা গ্রামের মো. শাহ জামাল (৪৭)।

মঙ্গলবার (২ জুন) দুপুরে মেলান্দহ থানাধীন হাজরাবাড়ি পৌরসভা এলাকার দাঁতভাঙা ব্রিজ সংলগ্ন একটি মাটির রাস্তার ওপর অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য পিবিআই জামালপুর জেলাকে অবহিত করে।

জামালপুর পিবিআই জানায়- পিবিআইয়ের ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। টিমের সদস্যরা প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

শনাক্তকরণে জানা যায়- মৃত ব্যক্তি মো. শাহ জামাল (৪৭)। তিনি মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের মো. হারেজ আলী এবং মোছা. ছালেহা বেগম দম্পত্তির সন্তান।

স্থানীয়রা জানান, শাহ জামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। ঘটনার দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যেও তাকে দাঁতভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় চলাফেরা করতে দেখা যায়। পরে দুপুরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন- উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় প্রথমে জানা যায়নি। পরে পিবিআইয়ের সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার যাচাইয়ের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button