মাদারগঞ্জ

বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হুমায়রা ওই এলাকার স্বপন শেখের মেয়ে।

হুমায়রা’র স্বজনেরা জানান- বেলা ১২টার দিকে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধানের কাজ করছিলেন। একপর্যায়ে খাট থেকে নামার সময় একটি বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে সে কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। হুমায়রা দাদাকে জানায়, একটি বড় সাপ তার পায়ে কামড় দিয়েছে।

স্বজনরা প্রথমে তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন-“হুমাইরা আমার চাচাতো ভাইয়ের মেয়ে। মেয়েটি অত্যন্ত শান্ত প্রকৃতির ও মিশুক ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন- “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”

Related Articles

Back to top button