মাদারগঞ্জ

যুবলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ: বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কী (৩৭)-কে তাঁর কর্মস্থলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ওবায়দুর রহমান পাক্কী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মৃত তোতা মণ্ডলের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন স্টাফ।

স্থানীয়রা জানান- ছাত্রদলের নেতাকর্মীরা মাদ্রাসায় গিয়ে ওবায়দুর রহমান পাক্কীকে মারধর করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

জানা গেছে, ২০২২ সালে পৌর শহরের গাবেরগ্রামে উপজেলা বিএনপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন ওবায়দুর রহমান পাক্কী। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ করেন। পরে জামিনে মুক্তি পেলেও আবার আত্মগোপনে চলে যান।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর জামিনে থাকা এবং নতুন কোনো মামলা না থাকায় তিনি পুনরায় নিজ কর্মস্থল বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নিয়মিত যাতায়াত শুরু করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন- “নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। পরে তাঁকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Related Articles

Back to top button