সারাদেশ

ধান ক্ষেতে কাঁদার নিচে মিললো ইজিবাইক চালকের মরদেহ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালক কাজল মিয়ার (৪২) মরদেহ রাস্তার পাশের একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়।

শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান- বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি কাজল মিয়া। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন সাপমারী এলাকার রাস্তার পাশের ধান ক্ষেতে কাঁদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মমিন বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে আছে। হাত-পা ওপরে ছিল এবং মরদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন- ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button