পল্লী উন্নয়ন দিবসে ৫ উদ্যোক্তাকে ঋণ: ৫ জনকে সম্মাননা
সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মেলান্দহের যৌথ উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মেলান্দহের চেয়ারম্যান আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মোস্তারী ও অন্যান্যরা।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীবসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পল্লী জীবিকায়ন প্রকল্পের পাঁচজন উদ্যোক্তার মাঝে ঋণ বাবদ মোট ৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন- পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।




