মেলান্দহ

জাবিপ্রবি ও জামালপুর মেডিকেলের ছাত্রীদের নিয়ে ইসলামী ছাত্রীসংস্থার নবীনবরণ

মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এবং জামালপুর মেডিকেল কলেজের নবীন ছাত্রীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

শুক্রবার (১৪ আগস্ট) জামালপুর শহরের সর্দারপাড়ায় হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে সংগঠনটির জেলা ও শহর শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নবীনদের স্বাগত গান ও গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের জামালপুর জেলা শাখার সভানেত্রী হালিমা আখতার এবং সঞ্চালনা করেন ফারজানা ফেরদৌস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ অঞ্চলের মেডিকেল ও গবেষণা বিভাগ সম্পাদিকা তাজরিয়ান সুলতানা।

ক্যারিয়ার গাইডলাইন অধিবেশনে আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ফাতেমা নূর। তিনি একাডেমিক চ্যালেঞ্জ মোকাবিলা করে লক্ষ্য অর্জন এবং আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার ওপর জোর দেন। বক্তব্যের পাশাপাশি হামদ এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘জুলাইয়ের গান’ ও ‘জুলাইয়ের কবিতা’ আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া সংগঠনটির কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

আয়োজনে ৯০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ‘মেন্টি ডট কম’ এর মাধ্যমে নেওয়া ভার্চ্যুয়াল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রতিটি নবীনের হাতে উপহার হিসেবে সংগঠনের পরিচিতি, লোগো সম্বলিত কলম, নোটবুক, ‘যেমন তরুণ চাই’ বই এবং অর্থসহ কুরআন তুলে দেওয়া হয়। পাশাপাশি সবার জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠান শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা।

জাবিপ্রবির শিক্ষার্থী মিমি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এটিই তার প্রথম নবীনবরণ এবং চমৎকার সব উপহার পেয়ে তিনি ভীষণ আনন্দিত। জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রুনিয়া বলেন, সুন্দর আয়োজনের পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও ইসলামের সঙ্গে ভারসাম্যপূর্ণ জীবনযাপনের নির্দেশনাগুলো তার খুব ভালো লেগেছে।

ভেন্যুতে থাকা ‘অনুভূতি কর্নারে’ শিক্ষার্থীরা তাদের আনন্দ লিখে প্রকাশ করেন। সেখানে এক শিক্ষার্থী লেখেন, মন খারাপ নিয়ে এলেও গাইডলাইন শোনার পর তার মন ভালো হয়ে গেছে। আরেকজন ইংরেজিতে অনুভূতি প্রকাশ করে লেখেন, জামালপুরে তার প্রথম প্রোগ্রামটি সেরা ছিল এবং তিনি কুইজটি খুব উপভোগ করেছেন।

Related Articles

Back to top button