বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা
মোঃ মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং মাদকের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। তিনি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এবং সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদ।



