জলাবদ্ধতা নিরসনের দাবিতে ৩ ঘন্টা রেলপথ অবরোধ
স্টাফ রিপোর্টার: জামালপুর শহরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ৩ ঘন্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে দুইটি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেল ৫টার থেকে রাত ৮ টা পর্যন্ত গেইটপাড় এলাকায় এই আন্দোলন করে স্থানীয়রা।
এতে আন্ত:নগর জামালপুর এক্সপ্রেস ও অগ্নিবীণা একপ্রেস ট্রেন আটকা পড়ে। চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা।
এসময় বিক্ষোভকারীরা বলেন- গেটপাড় এলাকায় স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা । সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ তিন দশক ধরে এই সমস্যা চললেও কোনো প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে আন্দোলন করছেন তারা।
এসময় মাগরিবের নামাজের সময় হলে রেললাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন আন্দোলনরত মুসুল্লিরা। পরে রেলওয়ে পুলিশের আশ্বাসে কর্মসূচী প্রত্যাহার করে আন্দোলনরতরা। এতে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন-“পৌর প্রশাসকের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেই আন্দোলনকারী। এই বিষয়ে আমরা রোববার পৌর প্রশাসনের সাথে কথা বলবো।”




