দেওয়ানগঞ্জ

বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সরকারি একেএম কলেজের প্রভাষক আবু হানিফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা সুবর্না দাস এবং পরিবার কল্যাণ সহকারী হালিমা খাতুন বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে ইউএনও শাহ জহুরুল হোসেন শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন হালিমা খাতুন, পরিবার কল্যাণ সহকারী, ২ নম্বর ওয়ার্ড, হাতিভাঙ্গা ইউনিয়ন; মো. রাসেল মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক, চিকাজানী মডেল ইউনিয়ন; সুবর্না দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা, চিকাজানী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র; এবং মো. সুলতান মাহমুদ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, চিকাজানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

এ ছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে চিকাজানী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা পেয়েছে চিকাজানী ইউনিয়ন পরিষদ।

Related Articles

Back to top button