ডোবায় পড়ে বৃদ্ধের মৃত্যু: মানসিক সমস্যায় ভুগছিলেন
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লেখ করেন, মাসুদ আকন্দ তার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




