বকশীগঞ্জ

সোয়া লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে প্রায় এক লাখ ২৩ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ও ‘কারেন্ট জাল’ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করার পর রাতে উপজেলা পরিষদ চত্বরে তা আগুনে পোড়ানো হয়।

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ধানুয়া কামালপুর, বাট্টাজোড় ইউনিয়নের কুড়িরবিল ও দত্তেরচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। অভিযানে মোট ২৭টি চায়না দুয়ারি এবং এক হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

এই কার্যক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ইউএনও মুরাদ হোসেন।

Related Articles

Back to top button