দেওয়ানগঞ্জ

শিশু পুত্রকে রেখে ওষুধ আনতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাসের শিশু পুত্রকে নানীর কোলে রেখে ওষুধ আনতে গিয়ে মোছা. নুপুর (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

গত বুধবার (২২ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের ডালবাড়ী এলাকার বিসমিল্লাহ জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী মনোয়ার বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া এলাকার গার্মেন্টসকর্মী মনোয়ারের স্ত্রী নুপুর বুধবার বিকেলে তাঁর ৭০ বছর বয়সী নানী রাবেয়া খাতুনের সঙ্গে ড্রেসিং করানোর জন্য বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে যান। হাসপাতালে অবস্থানকালে নুপুর তাঁর তিন মাস বয়সী শিশুপুত্র রোহানকে নানীর কোলে দিয়ে ওষুধ কেনার কথা বলে বাইরে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর হাসপাতালে ফিরে না আসায় নানী ও স্থানীয় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

ঘটনার সময় নিখোঁজ গৃহবধূর স্বামী চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত এলাকায় ফিরে শ্বশুরবাড়ি ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান চালান। তবে এখন পর্যন্ত নুপুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুগ্ধপোষ্য শিশুকে রেখে মায়ের এভাবে হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজের বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গৃহবধূ নিখোঁজের তথ্য উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

Related Articles

Back to top button