জামালপুর

২১ লাখ টাকার অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ: আটক ১

স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র‍্যাব। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মো. আমজাদ নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

রোববার (২ আগস্ট) সকালে র‍্যাব-১৪ এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জ থানাধীন পলাশতলা এলাকার লালচাপাড়া সড়কে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যায়। তবে ধাওয়া করে শেরপুর জেলার বাসিন্দা সিএনজি চালক আমজাদকে আটক করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা। পরে সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অবৈধ ভারতীয় প্রসাধনী বহনের কথা স্বীকার করে।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম ও ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২ পিস প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। এর পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তারা উল্লেখ করেন, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় কসমেটিকস এনে জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে আসছিল।

ইতিমধ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও যেকোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও এমন আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাবের পক্ষ থেকে তুলে ধরা হয়।

Related Articles

Back to top button